বুন্দেসলিগার হফেনহাইম আনুষ্ঠানিকভাবে ২০ বছর বয়সী ডেনমার্কের আন্তর্জাতিক আদাম দাঘিমকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে। দুই পক্ষ দীর্ঘমেয়াদি চুক্তি করেছে। ট্রান্সফারমার্কটের তথ্য অনুযায়ী, দাঘিমের দলবদল মূল্য ১ কোটি ৩০ লাখ ইউরো।
আদাম দাঘিম আক্রমণভাগের একাধিক অবস্থানে খেলতে পারেন। ক্যারিয়ারে তিনি আরহুস, রেড বুল সালৎসবুর্গ ও লিফারিংসহ বিভিন্ন ক্লাবে খেলেছেন। গত মৌসুমে সালৎসবুর্গ তাঁকে ধারে উলফসবুর্গে পাঠায়। সেখানে ২৭টি বুন্দেসলিগা ম্যাচে ২ গোল ও ৩ অ্যাসিস্ট করেন তিনি।
এ বছরের জুনে ডেনমার্ক জাতীয় দলে অভিষেক হয় দাঘিমের। ডিআর কঙ্গোর বিপক্ষে প্রীতি ম্যাচে তিনি শুরুর একাদশে ছিলেন। এর আগে ডেনমার্কের বিভিন্ন বয়সভিত্তিক যুব জাতীয় দলের হয়ে ১৭ ম্যাচ খেলেছেন।