স্পেন জাতীয় দল বিশ্বকাপ জেতার মাত্র কয়েক দিন পর স্প্যানিশ ফুটবল ফেডারেশনের উন্নয়নবিষয়ক টেকনিক্যাল ডিরেক্টর কারাঙ্কা ‘কিন্তানার ট্যাকটিক্যাল বোর্ড’ অনুষ্ঠানে স্পেনের শিরোপা জয়ের পথ, দে লা ফুয়েন্তের নেতৃত্ব এবং ড্রেসিংরুমের দৃঢ়তা বিশ্লেষণ করেন।

প্রথম গ্রুপ ম্যাচে অপ্রত্যাশিতভাবে কেপ ভার্দের সঙ্গে ড্র প্রসঙ্গে
“আমি নিশ্চিত, আপনারা অর্থাৎ বাইরের লোকজন আমাদের চেয়ে অনেক বেশি উদ্বিগ্ন ছিলেন। পরদিনই তারা অনুশীলনে নেমেছিল এবং পরের ম্যাচ নিয়ে ভাবতে শুরু করেছিল। পরস্পরের ওপর আমাদের বিপুল আস্থা ছিল।”
“আমরা কারও বিরুদ্ধে বিদ্রোহ করিনি। খেলোয়াড়েরা নিজেদের বিরুদ্ধেই লড়ছিল, কারণ তারা জানত, যা দেখিয়েছে তার চেয়ে তারা অনেক ভালো।”
স্পেনের কোচ দে লা ফুয়েন্তে প্রসঙ্গে
“তিনি এই খেলোয়াড়দের খুব ভালোভাবে চেনেন, বহু বছর ধরে তাঁদের জানেন। কোন পরিস্থিতিতে কে কীভাবে প্রতিক্রিয়া জানাবে, তা তাঁর জানা। এমনকি তাঁদের পরিবার সম্পর্কেও জানেন। এই পরিচিতির মূল্য নির্ধারণ করা যায় না।”
“পুরো কোচিং স্টাফই অমূল্য সম্পদ। তাঁরা সবাই বিভিন্ন বয়সভিত্তিক দলে কাজ করেছেন। আমরা চাই, ফেডারেশনের ভেতরে এই কাজের ধারা আরও বিকশিত ও শক্তিশালী হোক।”
এই বিশ্বকাপে কুবরসির দুর্দান্ত পারফরম্যান্স প্রসঙ্গে
“ফাইনালের আগের রাতে লিফটে কুবরসির সঙ্গে দেখা হয়েছিল। নিজের তলায় নামার সময়ও সে হাসছিল, কথা বলছিল, রসিকতা করছিল। বয়স ১৯, সামনে বিশ্বকাপ ফাইনালের রাত… অথচ তার কাছে সবকিছু ছিল একেবারেই স্বাভাবিক।”
“ওই ম্যাচের পর বলটি ঠেকাতে গিয়ে তার গোড়ালি ফুলে গিয়েছিল। এটিই এই দলের নিখুঁত প্রতিচ্ছবি।”
অধিনায়ক রদ্রি প্রসঙ্গে
“রদ্রি সবচেয়ে কঠিন কাজকেও সহজ করে তোলে। নিজের পছন্দের ছন্দে খেলে এবং মাঠের বাইরেও দলের অন্যতম নেতা।”
“এই বিশ্বকাপে তার পারফরম্যান্সের পর কারও পক্ষে তার হাত থেকে ব্যালন ডি’অর কেড়ে নেওয়া কঠিন।”
ফেরান তোরেস প্রসঙ্গে
“কেপ ভার্দের বিপক্ষের ম্যাচের পর ফেরান তোরেস অনেক সমালোচনার মুখে পড়েছিল। সে কীভাবে কঠোর অনুশীলন চালিয়ে গেছে এবং শেষ পর্যন্ত ইতিহাস গড়েছে, তা দেখে আমরা সবাই ভীষণ আনন্দিত।”
স্পেনের যুব উন্নয়ন ব্যবস্থার সাফল্য প্রসঙ্গে
“আমরা অবিশ্বাস্য এক প্রতিভার কারখানা; একই সঙ্গে বিপুলসংখ্যক অসাধারণ কোচও তৈরি করছি।”
স্পেনের শিরোপা জয় নিয়ে আসন্ন প্রামাণ্যচিত্র প্রসঙ্গে
“দে লা ফুয়েন্তের বক্তব্য, রদ্রির অনুপ্রেরণা, অনুশীলন সেশন… সবই দেখার মতো। এটি ছিল অত্যন্ত সুন্দর এক অভিজ্ঞতা।”